বিচারককে কোপানোর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবসরপ্রাপ্ত বিচারক লতিফ আহমেদ খানকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। বিচারকের স্ত্রী বাদী হয়ে গতকাল শুক্রবার কেন্দুয়া থানায় এ মামলাটি করেন।
পুলিশ জানায়, আহত লতিফ আহমেদ খানের বড় ভাই লুৎফে আহমেদ খান অসীম, তাঁর ছেলে ফয়সাল আহমেদ খানসহ একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জুয়েল এবং মৃত মহর আলীর ছেলে মস্তুকে মামলার আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, ২০০৮ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর থেকে লতিফ আহমেদ খান গ্রামের বাড়ি জল্লীতে বাস করছেন। তিনি প্রায় ২০ একর জায়গায় দর্শনীয় স্থাপনা নির্মাণ করেছেন। এ কারণে দুই বছর ধরে সেখানে দর্শনার্থীরা আসতে থাকায় তা পার্কে পরিণত হয়েছে। পার্ক প্রতিষ্ঠা করায় ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন কারণে বড় ভাই লুৎফে আহমেদ খান ও তাঁদের অনুসারীরা লতিফ আহমেদ খানের ওপর ক্ষিপ্ত ছিলেন। এ ছাড়া নির্যাতিত মানুষকে সহায়তা করায় দীর্ঘদিন ধরে লতিফ আহমেদ খানের ওপর হামলা ও তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগির তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।