বিচারককে লাঞ্ছিত করায় কর্মচারী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ বিচারিক আদালতের জ্যেষ্ঠ বিচারক আহসান হাবীবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী আমিনুল ইসলামকে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রোববার সকালে তুচ্ছ বিষয় নিয়ে আমিনুল আহসান হাবীবকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকাল পৌনে ১০টার দিকে আমিনুল ইসলাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবীবের কক্ষে ঢুকে হাজিরা খাতায় সই করতে যান। আমিনুলের পরনে নির্দিষ্ট পোশাক না থাকায় বিচারক তাঁকে চিনতে না পেরে পরিচয় জানতে চান। এতে আমিনুল ক্ষিপ্ত হয়ে আহসান হাবীবের কাছে জানতে চান, ‘আদালতে নির্দিষ্ট পোশাক পরে আসতে হবে, এমন নিয়ম আপনি কোথা থেকে জানলেন।’ এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে আহসান হাবীবকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অবশ্য আমিনুলকে আহসান হাবীব মেরেছেন, এমন খবর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাছে ছড়িয়ে পড়ে। এতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা প্রায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রকৃত ঘটনা জানালে তাঁরা কাজে যোগ দেন।

এ ঘটনায় গত রোববার রাতেই আহসান হাবীব বাদী হয়ে আমিনুলের নামে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করলে পুলিশ আমিনুলকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার আমিনুলকে ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়।বিচারককে লাঞ্ছিত করায় আমিনুলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক আল আমিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।