বিচারককে হত্যার হুমকি দিয়ে খুদে বার্তা
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশীদকে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি হত্যা মামলার আসামিদের খালাস চেয়ে গতকাল বৃহস্পতিবার তাঁকে ওই বার্তা পাঠানো হয়।
বিষয়টি বিচারকের পক্ষ থেকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এসএমএসের সূত্র ধরে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, গতকাল দুপুরে ওই বিচারকের ব্যক্তিগত মুঠোফোনে একটি মুঠোফোন নম্বর থেকে এসএমএস আসে। তাতে বিচারককে জেলার রূপগঞ্জের ফারুক হোসেন হত্যা মামলার আসামিদের বেকসুর খালাস দিতে বলা হয়। অন্যথায় তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া বলেন, যে মুঠোফোন নম্বর থেকে বিচারকের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, সেটির অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে।
তা ছাড়া সংশ্লিষ্ট কোম্পানির কাছে সেটির কলতালিকা চাওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।