বিচারকের আদেশ লেখা হয়নি ৯০৪ মামলার নথিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতে বিচারাধীন ৯০৪টি মামলার নথিতে দুই বছর ধরে বিচারকের আদেশ না লেখার অভিযোগ উঠেছে এক বেঞ্চ সহকারীর বিরুদ্ধে। মামলাগুলো চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র, মাদক ও চেক প্রত্যাখ্যানের। আদালতের কেস ডায়েরিতে লেখা ধার্য দিন ও নথিতে থাকা ধার্য দিনের সঙ্গেও কোনো মিল নেই মামলাগুলোর।
প্রথম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম শিহাবের গাফিলতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
নথিতে বিচারকের আদেশ না লেখায় ওই বেঞ্চ সহকারীকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. ওবায়দুস সোবহানকে চিঠি দিয়েছেন প্রথম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ মাকসুদুর রহমান। চিঠিটি পাওয়ার পর গত বুধবার সাইদুল ইসলামকে শোকজ করে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে চিঠি দিয়েছেন মহানগর দায়রা জজ।
জ্যেষ্ঠ আইনজীবীরা জানান, এজলাসে শুনানি শেষ হওয়ার পর বিচারক মৌখিকভাবে প্রতিটি মামলার আদেশ দিয়ে থাকেন। আর এই আদেশগুলো মামলার নথিতে লিপিবদ্ধ করে থাকেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী। নথির সঙ্গে মিল রেখে আদালতের কেস ডায়েরিতেও মামলা নম্বর ও ধার্য তারিখ লিখে থাকেন বেঞ্চ সহকারীরা।
শুধু নথিতে বিচারকের আদেশ না লেখা নয়, অননুমোদিতভাবে অফিসে অনুপস্থিত থাকা, নির্দিষ্ট সময়ের আগে অফিস ত্যাগ করা, ধার্য দিনে নথি খুঁজে না পাওয়ার অভিযোগে বেঞ্চ সহকারী সাইদুলকে ১০ বার শোকজ করা হয়েছিল। পরে তাঁর বেতন কেটে রাখা হয়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ৯০৪টি মামলার নথির এক হাজার ৪০০ আদেশ নথিতে না লেখাসহ নানা অভিযোগে প্রথম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে লিখিতভাবে চট্টগ্রাম মহানগর দায়রা জজকে চিঠি দেন ওই আদালতের বিচারক। বুধবার ওই বেঞ্চ সহকারীর কাছে এর ব্যাখ্যা চেয়ে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলেছেন মহানগর দায়রা জজ।
প্রথম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি উমর ফারুক শিবলী প্রথম আলোকে জানান, একেকটি মামলার নথিতে ছয় থেকে আটটি আদেশ লেখেননি বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম। ধার্য দিনে মামলার শুনানিতে নথি উপস্থাপন করা হলেও আগের কোনো আদেশ না থাকায় বাদী, আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষকে বিপাকে পড়তে হচ্ছে।
জানতে চাইলে অভিযুক্ত বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম গত সোমবার দুপুরে তাঁকে ইতিপূর্বে ১০ বারের মতো শোকজ করার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আদালতে নিয়মিত আসতাম না। তাই আদেশগুলো লেখা হতো না।’
শোকজ পাওয়ার কথা স্বীকার করে সাইদুল বলেন, ‘আদালত খোলার পর জানুয়ারিতে দেব। কপালে যা আছে তাই হবে।’