বিচারকের মুঠোফোন ছিনতাই, গ্রেপ্তার ২
চট্টগ্রামে এক বিচারকের মুঠোফোন ছিনতাই করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরের খুলশী ডিজেল কলোনি থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ বছরের মার্চ মাসে এক বিচারকের কাছ থেকে ছিনতাই করা মুঠোফোন তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন জাহাঙ্গীর আলম ও মো. রিয়াজ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, গত ১১ মার্চ রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে দিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন সপ্তম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সালমা খাতুন। এ সময় একটি অটোরিকশায় করে এসে তাঁর ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করা হলে পুলিশ তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে জড়িত জাহাঙ্গীর ও রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিচারকের ছিনতাই করা মুঠোফোনটি উদ্ধার করা হয়।