বিচারকের সই জাল করে জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামিকে কারাগার থেকে জামিনে মুক্তি দিতে বিচারকের মুক্তির আদেশ ফরম ও জামিননামায় বিচারক, আইনজীবী ও কোর্ট পরিদর্শকের সিল-সই সবই রয়েছে। আদালত থেকে ডাকবাহকের মাধ্যমে পাঠানো জামিননামাটি বুঝেও নেন চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ। কিন্তু বিচারকের সই নিয়ে সন্দেহ হলে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, এটি ভুয়া জামিননামা। তাই সেই জামিননামায় মুক্তি পাননি দুই আসামি।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটেছে। কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া জানান, ভুয়া জামিননামা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ও আইনজীবী সমিতিকে লিখিতভাবে জানানো হবে।
কারা ও আদালত সূত্রে জানা গেছে, সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নের আবদুল আজিজ ও মো. বেলালকে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গত ৩ নভেম্বর চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত আটটার দিকে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছাম্মৎ ইসরাত জাহান নাসরিনের সই ও আদালতের সিলসহ ওই দুই আসামির মুক্তির আদেশ ফরম ও জামিননামা কারাগারে আসে। এগুলো ডাকের মাধ্যমে নিয়ে আসেন জেলা কোর্টের কনস্টেবল রাজু। স্মারকমূলে জামিনানামাগুলো বুঝে নেন কারারক্ষী খোন্দকার ইকবাল। এর মধ্যে আবদুল আজিজের এক মামলায় একটি জামিননামা ও মো. বেলালের দুই মামলায় দুটি জামিননামা রয়েছে। জামিননামাগুলোতে বিচারকের সই-সিল ছাড়াও জেলা কোর্ট পরিদর্শক উনু মং ও আসামিদের আইনজীবী মোকাদ্দেসা বেগমের সই ও সিল রয়েছে। জামিনদার হিসেবে রয়েছেন সাতকানিয়ার এওচিয়ার মো. মিজান।
সূত্র জানায়, কারারক্ষী খোন্দকার ইকবালের বিচারকের সই নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি কারা তত্ত্বাবধায়ককে জানান। পরে জেলা কোর্ট পরিদর্শক নিশ্চিত করেন আবদুল আজিজ ও মো. বেলালকে জামিন আদেশ দেননি বিচারক।
জানতে চাইলে জামিননামায় সই-সিল থাকা আইনজীবী মোকাদ্দেসা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি তো ফৌজদারি মামলাই করি না। দেওয়ানি মামলা করি। অতএব, সাতকানিয়ার দুই আসামির জামিনের প্রশ্নই ওঠে না।’
জেলা কোর্ট পরিদর্শক উনু মং জানান, চক্রটি ধরার চেষ্টা চলছে।
কারাগারে আটক মো. বেলাল ও আবদুল আজিজ জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন। তাঁদের বরাত দিয়ে কারা তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, ভুয়া জামিননামা তৈরি করে মুক্তির বিষয়ে তাঁরা কিছুই জানেন না।