বিচারপতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ আসামির নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, এসআই আজিজ আহম্মদকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

ফেনী সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের একজন মুদি দোকানি গতকাল সকালে বিচারপতি রেজা-উল হকের বাড়ির পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় ওই বাড়িতে পোড়া দাগ দেখতে পান। পরে তিনি বিষয়টি অন্যদের জানান।
সরেজমিনে দেখা গেছে, ২০-২৫ বছরের পুরোনো একটি আধা পাকা বড় ঘর। সামনের অংশে লাগোয়া রান্নাঘর। রান্নাঘরের পূর্ব পাশের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। গ্রামের একাধিক বাসিন্দা বলেন, তাঁদের ধারণা, দুর্বৃত্তরা ভোরে ঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়।

বিচারপতি কাজী রেজাউল হকের চাচাতো ভাই কাজী মেহেদী মাহমুদ প্রথম আলোকে জানান, বিচারপতি গ্রামে এলে এই বাড়িতে থাকেন। এ ছাড়া প্রায় সারা বছর বাড়িটি তালাবদ্ধ থাকে।

সদর মডেল থানার ওসি আরও জানান, এ ঘটনায় গতকাল বিকেল পাঁচটার দিকে নিজাম উদ্দিন পাটোয়ারী (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি ওই গ্রামেই। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, পলাতক অবস্থায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রকাশের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার জেরেই এই অগ্নিসংযোগ করা হয়। গত বুধবার কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ওই নিষেধাজ্ঞা জারি করেছিলেন।