বিচারপতির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার হাইকোর্টের যে বেঞ্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ না করার আদেশ দিয়েছিলেন, বিচারপতি কাজী রেজা-উল হক ওই বেঞ্চের একজন সদস্য।
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুরে কাজী রেজা-উল হকের বাড়ি। ওই বাড়িতে এখন কেউ থাকেন না। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির রান্নাঘর কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরটি তালাবদ্ধ ছিল। ওই ঘরের ভেতর ও বাইরে কেরোসিন ছিটানোর আলামতও দেখা যায়।
সকালে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় মনির আহেমদ ওই ঘরে আগুনের আলামত দেখতে পান। তবে ততক্ষণে আগুন নিভে গিয়েছিল। তিনি স্থানীয় লোকজনকে খবর দেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হবে। তদন্তের মাধ্যমে দোষীদের মামলার আওতায় আনা হবে।