অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজদেহে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এটাকে পুঁজি করে মৌলবাদ ও জঙ্গিবাদ আরও শক্তিশালী হচ্ছে। গতকাল শনিবার দুপুরে দিনাজপুরে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত আঞ্চলিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বিচারহীনতার সংস্কৃতি, সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদ: আমাদের করণীয়’—শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল বারকাত। ৮৩ পৃষ্ঠার প্রবন্ধে তিনি বাংলাদেশের সরকার, রাজনীতি, মুক্তিযুদ্ধ, দারিদ্র্য এবং দারিদ্র্যকে পুঁজি করে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর লুটপাটের চিত্র তুলে ধরেন।
আবুল বারকাত বলেন, সংস্কৃতিটাই যখন বিচারহীনতার, তখন বিচারহীনতা সর্বব্যাপ্ত হতে বাধ্য। সুবিচার, ন্যায়বিচার না পাওয়া এখন বিধিতে পরিণত হয়েছে। ‘বিচারহীনতা’ শ্রেণিবিভক্ত সমাজদেহের গভীরে প্রোথিত এমন বিষের বীজ, যা সমাজদেহের সর্বত্র পচন ধরিয়েছে। সমাজদেহের অসীম সম্ভাবনার শক্তিকে নিঃশেষ করে, মানুষের সৃজনক্ষমতা আর মুক্তচিন্তার স্বাধীনতার শক্তিকে নির্জীব করে ফেলছে। মুক্তবুদ্ধি ও আলোকিত মানুষ গড়ার প্রক্রিয়াকে অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে।
আবুল বারকাত বলেন, ১৯৭৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ডালিম, মোশতাক, জিয়া কেবল তাদের নীলনকশা বাস্তবায়ন করেছে।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে অধ্যাপক আবুল বারকাত বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হিসাব অনুযায়ী দেশে মোট যুদ্ধাপরাধীর সংখ্যা ২ হাজার ৩৭৬ জন। মোট মামলা ৫৯৪টি। গত পাঁচ বছরে ট্রাইব্যুনাল মাত্র ২২ জন যুদ্ধাপরাধীর রায় দিয়েছেন। তিনটির আপিল নিষ্পত্তি হয়েছে। সাতটি বিচারাধীন আছে। এর মধ্যে মাত্র দুজনের রায় কার্যকর হয়েছে। বিচারের এই হালহকিকত অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ৫০০ বছর লাগবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে এত সময় লাগার কোনো কারণ নেই।
আবুল বারকাত বলেন, দেশে মোট খাসজমির পরিমাণ দুই কোটি বিঘা, যার অধিকাংশই ভূমিদস্যু-প্রভাবশালীদের দখলে। এর ফলে সরকার ভূমি সংস্কারে হাত দিতে পারছে না বলে উল্লেখ করেন তিনি।
আবুল বারকাত বলেন, সরকারি আমলারা ফাইল ঠেকিয়ে তথ্য গোপন করে জনকল্যাণে সম্পর্কহীন প্রকল্প বানিয়ে, বিদেশি দাতা ব্যবসায়ীদের প্রকল্প গিলে, কিছু মানুষকে অন্যায় আর্থিক সুবিধা দিয়ে বিপুল সম্পদের মালিক হচ্ছেন। ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের আয়ুষ্কাল হ্রাস করে দিচ্ছেন, দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। এ অবস্থায় মানুষের মাঝে চরম হতাশায় ডুবে যাওয়া স্বাভাবিক বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ।