বিচারহীনতায় বেড়েছে অপরাধপ্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সব ধরনের অপরাধীর বিচার না হওয়ার কারণে দেশে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। মহিলা পরিষদ দিনাজপুর এবং সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকার কমিটির এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সম্প্রতি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ওই সংবাদ সম্মেলন করা হয়। দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে এটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফা বেগম।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত শুক্রবার দিবাগত রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পৌর এলাকায় সাতটি হরিজনসহ দশটি সংখ্যালঘু পরিবারের বাড়িঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির-বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, হবিগঞ্জের মাধবপুর এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকায় সাঁওতালদের ওপর আক্রমণে হতাহতের ঘটনা ঘটেছে। এভাবে দেশে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা ও নির্যাতন ঘটেই চলেছে, যা কখনো সভ্য সমাজ সমর্থন করে না।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সংবিধানের চার মূল স্তম্ভের একটি হলো ধর্মনিরপেক্ষতা। কিন্তু দেশজুড়ে চলমান সাম্প্রদায়িক হামলা অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করছে। যাঁরা অন্যের ধর্মকে সম্মান দিতে জানেন না, তাঁদের কাছে নিজ ধর্মও কখনো নিরাপদ হতে পারে না। দুর্বৃত্তরা যাঁদের ওপর যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে তাতে সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত কার্যকারণ ফুটে উঠেছে।

সংবাদ সম্মেলনে অবিলম্বে বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাবি জানানো হয়।

মহিলা পরিষদ দিনাজপুরের সভানেত্রী কানিজ রহমান, সাবেক সভানেত্রী আকতার কোহিনূর ইসলাম ও আজাদী হাই, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি রবিউল আউয়াল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন, সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকার কমিটি দিনাজপুরের আহ্বায়ক তারিকুজ্জামানসহ সংগঠন দুটির নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।