বিচারের আশা তাঁরা ছেড়েই দিয়েছিলেন
রিকশাচালক আবদুল হাকিমের মা-বাবা গতকালই প্রথম শুনলেন, তাঁদের ছেলে হত্যায় অভিযুক্ত যুবক একজন নারী সাংসদের ছেলে এবং ১০ দিন আগে তিনি গ্রেপ্তারও হয়েছেন। দরিদ্র মা-বাবা ছেলে হত্যার বিচারের আশা ছেড়েই দিয়েছিলেন। এখন বিচার পাবেন—এই আশায় বুক বেঁধেছেন।
মগবাজারের মধুবাগ ঝিলপাড় বস্তিতে থাকেন নিহত হাকিমের মা-বাবা। গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে প্রাডো গাড়ি থেকে গুলি ছোড়া হলে রিকশাচালক হাকিম ও জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় পুলিশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে জড়িত বলে শনাক্ত করে। ৩১ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে।
বখতিয়ারের লাইসেন্স করা পিস্তল, ২১টি গুলি ও দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ। গত মঙ্গলবার বখতিয়ারকে চার দিনের রিমান্ডে নেয় ডিবি। গতকাল বুধবার তাঁর রিমান্ডের প্রথম দিন অতিবাহিত হয়েছে।
গতকাল বস্তিতে গেলে হাকিমের মা মনোয়ারা বেগম ছেলের নানা স্মৃতির কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘একটিবারের জন্য ছেইলেরে ভুলে থাকতি পারি না। ছোট্ট এই ঘরতে ওর থাহার জায়গা নাই। তাই হাকিম মগবাজারের একটি মেসে থাইকত। মোগের জন্য রাইতভর রিকশা চালাইত, হেই আয় দিয়া মোগের বাচাইয়া রাইখত। আইজ হাকিম নাই। তাই বাসাবাড়িতে ঝিয়ের কাজ কইর্যার কোনো মতে বাইচ্যা রইছি। হ্যার ওপর আড়াই হাজার টাকা ছোট্ট ঘরটির ভাড়া দিতে অয়। মনোয়ারা বেগম বলেন, ‘টাকাপয়সা কিছুই চাই না। শুধু ছেইলে হত্যার বিচার চাই।’
হাকিমের বাবা পঞ্চাশোর্ধ্ব দুদু মিয়া বলেন, ‘ছেলে মোগেরে আগলাইয়া রাখছিল। মোগের জইন্যে আহার জোগাড় করতে নিরপরাধ ছেইলা হেই দিন রাত ১২টায় রিকশা নিয়া বাইর অইল। ভোররাইতে খবর পাইলাম, কে বা কারা ছেইলেরে গুলি কইরছে। ছেইলে চইল্যা যাওয়ার পর অহন দুই চোহে কেবল অন্ধকার দেখতাছি। ছেইলে নাই, তাই এই বয়সেই রিকশা চালাইতে বাধ্য অইছি।’
দুদু মিয়া আরও জানান, খুনি ধরা পড়ার খবর পুলিশ তাঁদের জানায়নি। গতকাল দুপুরে সাংবাদিকদের কাছে তাঁরা এ খবর পেয়েছেন। এখন বিচার হলে তাঁরা আরও খুশি হবেন।
দুই ভাই ও এক বোনের মধ্যে হাকিম সবার বড়। চার বছর আগে স্ত্রী মারা যান, হাকিম আর বিয়ে করেননি।
জিজ্ঞাসাবাদ: কারাগার থেকে রিমান্ডে নেওয়ার পর মঙ্গলবার রাতে ও গতকাল বখতিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (দক্ষিণ) উপকমিশনার হিসেবে সদ্য যোগ দেওয়া মাশরুর রহমান খালেদ।
মামলার তদন্তসংশ্লিষ্ট ডিবির কর্মকর্তারা জানান, ডিবির জিজ্ঞাসাবাদে বখতিয়ার গতকালও জোড়া খুনে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ১৩ এপ্রিল রাতে এক বন্ধুকে মগবাজার মোড়ে নামিয়ে গাড়ি ঘুরিয়ে বাংলামোটরের দিকে যাচ্ছিলেন। নির্মাণাধীন এলএমজি টাওয়ারের সামনে যানজটে আটকা পড়েন। এতে বিরক্ত হয়ে তিনি গাড়ির জানালা খুলে লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। তিনি তখন নেশাগ্রস্ত ছিলেন বলে দাবি করেন। বখতিয়ার ডিবির কাছে দাবি করেন, গুলিতে দুজনের মারা যাওয়ার খবর তিনি জানতেন না। গুলি চালানো ভুল ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
ডিবির কর্মকর্তারা জানান, বখতিয়ারের গাড়িচালক ১ জুন এ নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি এখন কারাগারে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থতার ভান করছেন। ১ জুন বখতিয়ারকে রিমান্ডে নেওয়া হলেও অসুস্থতার কথা বলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ তিনটি হাসপাতালে থেকে সময় ক্ষেপণ করেন তিনি। তবে হাসপাতালে চিকিৎসকেরা বখতিয়ারের কোনো রোগ পাননি।
‘নেশাগ্রস্ত যুবকের গুলিতে জোড়া খুন’ শীর্ষক এই প্রতিবেদন গতকাল বুধবার প্রথম আলোয় ছাপা হয়।