বিচারের দাবিতে মানববন্ধন বনপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ার খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজসহ উপজেলার সব হত্যা ঘটনার বিচারের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে বনপাড়ায় মানববন্ধন করেছে দুটি সংগঠন।
গত রোববার উপজেলার বনপাড়া খ্রিষ্টানপাড়ায় নিজ দোকানে সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই দিন রাতে সুনীলের মেয়ে স্বপ্না গোমেজ বড়াইগ্রাম থানায় মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত মূল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি।
গতকাল দুপুরে বনপাড়া পৌরসভার সামনে নাটোর-পাবনা মহাসড়কে মানববন্ধন করে জয়বাংলা সামাজিক আন্দোলন ও বনপাড়া মাদকবিরোধী জোট। এতে সংগঠন দুটির সদস্যরা ছাড়াও বিপুলসংখ্যক পথচারী ও স্থানীয় লোকজন অংশ নেন।
জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সিদ্দীকুর রহমান পাটোয়ারী মানববন্ধনে বক্তব্য দেন। তিনি বলেন, দুই বছর ধরে বড়াইগ্রামে খুন, ধর্ষণ, চুরি, মাদকদ্রব্য বেচা-কেনাসহ নানা অপরাধ বেড়েই চলেছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মোট আটটি হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের কোনো বিচার পায়নি সংশ্লিষ্ট পরিবার।