বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
ছাত্রীকে ধর্ষণকারী অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল শনিবার ক্লাস ও পরীক্ষা বর্জন করে। তাদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন বলেন, এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই ছাত্রীর বোন বাদী হয়ে মহিষখোঁচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম ওরফে মানিকের (৩৫) বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন। গতকাল লালমনিরহাট সদর হাসপাতালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ শরওয়ার আলম বলেন, স্থগিত পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর একই সময় নেওয়া হবে। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে করা মামলার কাগজপত্র পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
থানার পুলিশ, বিদ্যালয় ও শিক্ষার্থী সূত্র জানায়, রেজাউল ইসলাম ওই ছাত্রীকে তাঁর বাড়িতে গিয়ে পড়াতেন। পড়াতে গিয়ে ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওই শিক্ষক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পড়াতে গিয়ে বাড়ি ফাঁকা পেয়ে ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে তার বড় বোন গিয়ে তা দেখে ফেলেন। পরে শিক্ষক পালিয়ে যান।
ঘটনা জানাজানি হলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরে বিক্ষোভ করে। এ সময় তারা ওই শিক্ষককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ শনিবারের পূর্বনির্ধারিত একাদশ শ্রেণির মডেল টেস্ট ও দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা স্থগিত করে।