কক্সবাজারের চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথ থেকে দুপুর ১২টার দিকে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। আধা ঘণ্টা পর কেন্দ্রের পাশের একটি ধানি জমি থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যালট বাক্স উদ্ধার করেন। বিকেল চারটার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে।
এই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার বলেন, কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।
সকাল ১০টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের চকরিয়া পৌর আদর্শ শিক্ষানিকেতন কেন্দ্রে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তিন কাউন্সিলর প্রার্থীকে মারধর করেন বলে অভিযোগ উঠে। এরপর কাউন্সিলর প্রার্থী শিব্বির আহমদ, জালাল উদ্দিন ও জয়নাল আবেদিন ভোট বর্জনের ঘোষণা দেন। একইভাবে ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকরিয়া পৌর বিদ্যানিকেতনেও জোর করে সিল মারার অভিযোগ আনেন কাউন্সিলর প্রার্থী সেলিম উদ্দিন।
বিএনপির মেয়র পদপ্রার্থী নুরুল ইসলাম হায়দার গতকাল বেলা দুইটায় ভোট ডাকাতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ১৮টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা জোর করে সিল মেরেছেন। তাঁর সমর্থকদের মারধর ও এজেন্টদের বের করে দেওয়া বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি ১৮টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানান।
তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী দাবি করেন, সব কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। বিএনপির সমর্থকদের মারধর ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও চকরিয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন দাবি করেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।