বিচ্ছেদের খবর শুনে গুলি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরে জেলফেরত এক ব্যক্তির বিরুদ্ধে গুলি করে একজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩২)। তিনি গোদারিয়া গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, হালুয়াঘাট উপজেলার আয়নাতলী গ্রামের বাসিন্দা আবদুল মালেক অস্ত্র আইনে গ্রেপ্তার হওয়া মামলায় দুই বছরের বেশি সময় কারাভোগ করেন। সম্প্রতি তিনি জেল থেকে মুক্তি পান। জেলে থাকার সময় তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে যান। গত মঙ্গলবার রাত নয়টার দিকে স্ত্রীকে আনতে তিনি ফুলপুরের গোদারিয়া গ্রামে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কারাবাসের সময় স্ত্রীর পক্ষ থেকে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটানো হয়েছে। এ খবর শোনার পর একাধিক সহযোগীসহ উত্তেজিত হয়ে তিনি শ্বশুরবাড়িতে ভাঙচুর করেন ও ফাঁকা গুলি ছোড়েন। ফেরার পথে সাহাপুর গ্রামে স্ত্রীর প্রতিবেশী শফিকুল প্রতিবাদ করলে তাঁর পেটে তিনি গুলি করেন। শফিকুলকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা বলেন, আবদুল মালেককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।