বিচ্ছেদের পরও রেহাই মিলল না তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতন থেকে বাঁচতে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিলেন পোশাককর্মী সাজিনা বেগম (২২)। তবু নির্যাতনের হাত থেকে রেহাই মেলেনি তাঁর। বিবাহ বিচ্ছেদ করায় সেই স্বামী ক্ষিপ্ত হয়ে তাঁকে গুরুতর জখম করেছেন। সাজিনা বর্তমানে রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, সাজিনার ডান হাতের তালু ও কবজিতে ২৪টি সেলাই পড়েছে। ডান পায়ের গোড়ালিতে গভীর ক্ষত রয়েছে।
সাজিনার গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়িতে। তাঁর মা ফিরোজা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ বছর আগে সাজিনার বাবা মারা গেছেন। বাড়িতে থাকেন মা ও ছোট ভাই। চরম আর্থিক কষ্টের মধ্যে কোনো মতে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন সাজিনা। এক বছর আগে তিনি চাকরির খোঁজে ঢাকায় যান। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি নেন।
সাজিনা বলেন, ওই পোশাক কারখানায় রহিম বকশ নামে একই গ্রামের এক লোকের সঙ্গে তাঁর পরিচয় হয়। অল্পদিনের পরিচয়ে রহিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিছুদিন পর রংপুরে গ্রামের বাড়িতে ফিরে যান তিনি। সেখানে তিনি জানতে পারেন, গ্রামের বাড়িতে রহিমের স্ত্রী-সন্তান আছে।
সাজিনা বলেন, রহিমের আগের সংসার আছে জানার পর তিনি নিজের বাড়িতে থাকা শুরু করেন। আর রহিমের কাছে ভরণপোষণের টাকা দাবি করেন। এ কারণে রহিম ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়েই তাঁকে মারধর করতেন। এ নির্যাতন থেকে বাঁচার জন্য এক মাস আগে তিনি রহিমের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। এ কারণে আরও ক্ষিপ্ত হয়ে গত ৮ জানুয়ারি তাঁকে জখম করেন রহিম। পরে প্রতিবেশীরা তাঁকে (সাজিনা) হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর গত ১৮ জানুয়ারি তিনি রহিমের বিরুদ্ধে মামলা করেন।
জানতে চাইলে গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি রহিম বকশ পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।