বিছানা থেকে শিশুকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চান্দেরহাওলা গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে গত বুধবার রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে বিছানা থেকে হাবিবুর (২) নামের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল থানায় অভিযোগ করা হয়েছে।
গলাচিপা থানার ওসি আবদুর রাজ্জাক মোল্লা বলেন, শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনো মামলা নেওয়া হয়নি। সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
অপহৃত হাবিবুরের বাবার নাম কাঞ্চন আলী সরদার। তিনি গলাচিপা পৌরসভা এলাকার ব্যবসায়ী। চান্দেরহাওলা গ্রামে তাঁর একটি বাড়ি আছে। সেখানে তাঁর দ্বিতীয় স্ত্রী জয়নব ছেলে হাবিবুর ও এক মেয়েকে নিয়ে থাকেন।
হাবিবুরের মা জয়নব বিবি বলেন, বুধবার রাতে ছেলে হাবিবুরকে নিয়ে তিনি ও স্বামী কাঞ্চন আলী সরদার ঘরের বারান্দায় ঘুমান। রাত দুইটার দিকে হাবিবুরের কান্নার শব্দে তাঁর ঘুম ভাঙে। তিনি ডাকাডাকি করে কাঞ্চন আলী সরদারকে ঘুম থেকে তোলেন। এর মধ্যে তিনি দুজন লোককে হাবিবুরের মুখ চেপে ধরে দ্রুত ঘর থেকে পালিয়ে যেতে দেখেন। খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে পুলিশ আসে।
কাঞ্চন আলী সরদার বলেন, ‘গলাচিপা শহরে অবস্থিত আমার সব কটি ব্যবসাপ্রতিষ্ঠান প্রথম পক্ষের দুই ছেলে বেল্লাল হোসেন ও সোনা মিয়ার নামে করা। কিছুদিন আগে তাদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান হাবিবুরের নামে লিখে দিতে বলি। এ নিয়ে ঝগড়াঝাঁটি হয়। এর জের ধরে অপহরণের ঘটনা ঘটতে পারে।’
বেল্লাল হোসেন বলেন, ‘সম্পদ নিয়ে বাবার সাথে ঝগড়া হয়েছে তা ঠিক। তবে অপহরণের ঘটনার সাথে আমরা জড়িত নই।’