
পরীক্ষায় পাস না করায় ছোট ভাইকে বকাঝকা করে বাসা থেকে বেরিয়ে যান বড় ভাই। দুই ঘণ্টা পর ফিরে এসে বাসার কলবেল চাপলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। বেশ কিছুক্ষণ পর রক্তমাখা শরীর নিয়ে দরজা খুলেই পড়ে যান ছোট ভাই। বড় ভাই ছুটে যান কক্ষে। সেখানে গিয়ে দেখেন বিছানায় মায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের বারিক বিল্ডিং এলাকায় ‘সাসটেইন সরকার টাওয়ার’ নামের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওপরে দেওয়া বর্ণনা বড় ভাই সোমনাথ চৌধুরীর (২৪)। তাঁর ও পুলিশের দাবি, ছোট ভাই সুমিত চৌধুরী (২০) বঁটি দিয়ে কুপিয়ে মা কুমকুম চৌধুরীকে (৪২) খুন করেছেন। পরে ওই বঁটি দিয়েই গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন সুমিত। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।
সুমিতদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে। তাঁর বাবা সুখময় চৌধুরী আয়কর আইনজীবী। তাঁর পরিবার চট্টগ্রামের ওই ফ্ল্যাটে ভাড়া থাকলেও তিনি একা ঢাকায় থাকেন। বড় ভাই সোমনাথ চৌধুরী চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র।
সুমিত এ বছর চট্টগ্রাম নগরের ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর দেখা যায় তিনটি বিষয়ে তিনি পাস করেননি। পরে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। গতকাল সকালে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়। এবার তাঁকে দুটি বিষয়ে অকৃতকার্য দেখানো হয়। এ খবর জানার পর তাঁকে বড় ভাই বকাঝকা করেন।
গতকাল বেলা তিনটার দিকে চমেক হাসপাতালে সোমনাথ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সুমিতকে বকাঝকা করে বাসা থেকে চলে যাই। এরপর মায়ের সঙ্গে কী হয়েছে তা জানি না। বাসায় ফিরে দেখি সুমিতের সারা শরীরে রক্ত। মা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। এরপর এক প্রতিবেশীর সহায়তায় সুমিতকে হাসপাতালে নিয়ে আসি।’ একপর্যায়ে তিনি বিলাপ করতে করতে বলেন, ‘ভাইরে, মায়ের এত সেবা করলি। এই কাজ কীভাবে করতে পারলি তুই।’
পরিবারের অন্য স্বজনেরা বলেন, গত ফেব্রুয়ারি মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ (মাইল্ড স্ট্রোক) হয় কুমকুম চৌধুরীর। তাঁর ডায়াবেটিসও ছিল। ছোট ছেলে সুমিতই প্রধানত তাঁর সেবা-শুশ্রূষা করতেন।
সোমনাথ চৌধুরী বলেন, বেলা ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে একটার দিকে ফেরেন। বেশ কিছুক্ষণ কলবেল বাজানোর পর সুমিত এসে দরজা খুলে দিয়েই পড়ে যান। এ সময় সুমিতের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। গলার পেছনের অংশে কাটা দাগ ছিল।
পুলিশ বিকেল সাড়ে চারটার দিকে কুমকুম চৌধুরীর মরদেহ বাসা থেকে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত কুমকুমের গলার সামনে ও পেছনের অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে পুলিশ জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমিত মাকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন। তিনি বলেন, সুমিতকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। খুনের ঘটনায় ব্যবহৃত বঁটি জব্দ করা হয়েছে। এইচএসসি পরীক্ষায় পাস না করায় বড় ভাইয়ের বকাঝকা, মায়ের অসুস্থতা ও পারিবারিক অশান্তি হত্যাকাণ্ডের কারণ হিসেবে কাজ করেছে বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন। তদন্তের পর মূল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
চমেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক মো. আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, সুমিতের গলার পেছনের অংশে আঘাত রয়েছে। তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখন অনেকটাই আশঙ্কামুক্ত।
গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সুমিতদের ফ্ল্যাটে তালা ঝোলানো। ভবনের সামনে উৎসুক মানুষের ভিড়। ভবনের ব্যবস্থাপক রতন শীল জানান, দুই বছর আগে সুখময় চৌধুরী এখানে বাসাভাড়া নেন।
স্ত্রী খুনের খবর পেয়ে সুখময় চৌধুরী গতকাল বিকেলে বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার শান্ত ছেলেটি এই কাজ কীভাবে করল কিছুই বুঝতে পারছি না। আমার সব শেষ।’