বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষক সমিতির হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে শিক্ষক সমিতির শিক্ষকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন উপাচার্য। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর ভাষ্য, এ হামলার পর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বন্ধ রয়েছে। বিশ্বিবদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপাচার্য এ কে এম নূর-উন-নবীর দাবি, আজ বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান চলছিল। এ অনুষ্ঠানের আয়োজক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর শিক্ষক সমিতির িশক্ষকেরা অনুষ্ঠানে হামলা চালান। হামলাকারীরা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনকারী শিক্ষক ওমর ফারুককে লাঞ্ছিত করেন। মাইক কেড়ে নিয়ে সেখানে শিক্ষক সমিতি অনুষ্ঠান করছে।

শিক্ষক সমিতির স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণের দাবি, তাঁরা আলাদা একটি অনুষ্ঠান করতে স্মৃতিস্তম্ভে এলে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান পালনকারীরা তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এখন তাঁরা ওই অনুষ্ঠান বন্ধ করে দিয়ে নিজেরা একটি ভিন্ন অনুষ্ঠান করছেন। অনুষ্ঠান দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি।

গত ২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষকের পদোন্নতিসহ অন্য কিছু সমস্যা নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষক সমিতি।