বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের খাদেম বাড়ি ও সাদত বাড়ির মধ্যে একটি কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। খাদেম বাড়ির প্রধান মাওলানা সলিমুল্লাহ বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর আদালতের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এর জের ধরে গতকাল সকালে সাদত বাড়ির আবদুল বারি, জব্বার মিয়া, দানা মিয়া ও ইয়াকুব আলীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক লাঠিসোঁটা নিয়ে খাদেম বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে খাদেম বাড়ির ১০ জন ও সাদত বাড়ির তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার সময় খাদেম বাড়ির বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, কবরস্থানের জায়গা নিয়ে ১৫-২০ দিন আগেও উভয় পক্ষ মারামারি করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।