বিজয়ী ও পরাজিত প্রার্থীর দুই নির্বাচনী এজেন্ট নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার ভাগলগড় পূর্বপাড়া গ্রামে গতকাল শুক্রবার নির্বাচনোত্তর সহিংসতায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-সমর্থিত (জাপা) দুই প্রার্থীর দুই নির্বাচনী এজেন্ট নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন ভাগলগড় পূর্বপাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে আওয়ামী লীগ-সমর্থক ফারুক হোসেন (৩২) এবং একই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে জাপা-সমর্থক অজের উদ্দিন (৩৮)। আহত হয়েছেন নিহত ফারুকের ছোট ভাই সোহেল মিয়া (৩০)।
শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা জাপার (এরশাদ) সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন। গতকালের ঘটনায় নিহত ফারুক ছিলেন ছানুয়ারের নির্বাচনী এজেন্ট এবং অজের ছিলেন ইলিয়াছ উদ্দিনের নির্বাচনী এজেন্ট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ফারুক হোসেনের বাবা হানিফ উদ্দিন ভাগলগড় গ্রামের বাজারে যাচ্ছিলেন। পথে ইলিয়াছ উদ্দিনের সমর্থক অজের উদ্দিন তাঁর (হানিফ) পথ রোধ করে কাকে ভোট দিয়েছেন জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হানিফকে মারধর করেন অজের। খবর পেয়ে হানিফের দুই ছেলে ফারুক ও সোহেল ঘটনাস্থলে যাওয়ার পর অজের ধারালো ছুরি দিয়ে ফারুকের পেটে ও সোহেলের পিঠে আঘাত করেন। এতে ফারুক ঘটনাস্থলেই মারা যান এবং সোহেল গুরুতর আহত হন। সোহেলকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়ার পর নিহত ব্যক্তির আত্মীয়স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল সাড়ে ১০টার দিকে ভাগলগড় গ্রাম থেকে অজের উদ্দিনকে ধরে গণপিটুনি দিয়ে একটি ধানখেতে ফেলে রাখেন। খবর পেয়ে দুপুরে শেরপুর সদর থানার পুলিশ অজের উদ্দিনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহিংসতার বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা ছানুয়ার হোসেনের মুঠোফোন ফোন করা হলে তিনি একটু পরে ফোন করতে বলেন। আধা ঘণ্টা পর আবার ফোন করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জাপা নেতা ইলিয়াছ উদ্দিনকে ফোন করা হলে তিনি প্রথম আলোকে নিশ্চিত করেন যে নিহত অজের তাঁর নির্বাচনী এজেন্ট ছিলেন। তিনি বলেন, ‘দুটি হত্যাকাণ্ডই দুঃখজনক। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম গতকাল বিকেলে বলেন, ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুটি হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনাস্থল থেকে জোসনা নামের এক নারীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাগলগড় গ্রামসহ আশপাশে এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছেন।