বিজিপিকে 'মুক্তিপণ' দিয়ে ফিরেছেন ছয় জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অপহরণ করে মিয়ানমারের ভেতরে নিয়ে যাওয়া ছয় জেলে গতকাল সোমবার দেশে ফিরেছেন। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অপহরণ করেছিল এবং মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ওই জেলেরা।

গতকাল বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার দক্ষিণপাড়ার ১ নম্বর স্লুইসগেট হয়ে ফিরে আসেন ছয় জেলে। এরপর তাঁরা বলেন, মুক্তিপণের দাবিতে তাঁদের মিয়ানমারের একটি বিজিপি ফাঁড়ির পাশে আটকে রেখে মারধর করা হয়। পরে মুক্তিপণ দিয়েই ছাড়া পেয়েছেন তাঁরা। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেছে, বিষয়টি তাদের জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নাফ নদীর ১ নম্বর স্লুইসগেট এলাকায় বাংলাদেশের জলসীমায় গত রোববার সকালে তিনটি নৌকায় করে মাছ ধরছিলেন ওই ছয় জেলে। তাঁরা হলেন টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার শাহিদ উদ্দিন, আলমগীর, মো. আকবর, মো. হোসেন, আবদুল আমিন ও আবদুল্লাহ। একপর্যায়ে বিজিপির পোশাক পরা ১০-১২ জন অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করে।

একটি নৌকার মালিক জাফর আলম বলেন, রোববার সন্ধ্যা থেকেই মুক্তিপণ দাবি করতে থাকে অপহরণকারীরা। মুক্তিপণের ৪ লাখ ৪০ হাজার কিয়ট (বাংলাদেশি ৪০ হাজার টাকা) নিয়ে যাওয়ার জন্য রাত সাড়ে নয়টার দিকে একটি নৌকাসহ অপহৃত জেলে আকবর ও শাহিদকে টেকনাফে পাঠানো হয়। তাঁরা গতকাল বেলা ১০টার দিকে মুক্তিপণের টাকা নিয়ে মিয়ানমারের মংডু শহরের আমবালা বিজিপি ফাঁড়িতে যান।

সেখানে বিজিপির চার সদস্য মুক্তিপণের টাকা বুঝে নিয়ে জেলেদের ছেড়ে দেন। বেলা ১১টার দিকে তিনটি নৌকাসহ ছয় জেলে ১ নম্বর স্লুইসগেট হয়ে বাংলাদেশে ফিরে আসেন। এরপর তাঁদের স্থানীয় পল্লি চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

ফিরে আসা জেলে আলমগীর ও আবদুল্লাহ বলেন, বিজিপি সদস্যরা অস্ত্রের মুখে তাঁদের বেঁধে ফেলেন। এরপর তাঁদের আমবালা বিজিপি ফাঁড়ির পাশে একটি আস্তানায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে মুক্তিপণের জন্য তাঁদের মারধর ও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়। পরে মুক্তিপণের টাকা দিয়েই তাঁরা ছাড়া পেয়েছেন। বিষয়টি টেকনাফের বিজিবিকে অবগত করা হয়েছে।

টেকনাফ সদর বিজিবি ফাঁড়ির (চৌকি) কোম্পানি কমান্ডার সুবেদার মো. শামসুল আলম বলেন, তিনটি নৌকাসহ ছয় জেলে মুক্তিপণ দিয়ে টেকনাফে ফিরে এসেছেন বলে তাঁরা খবর পেয়েছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার বিষয়টি তাঁর জানা নেই।