বিজিপিকে 'মুক্তিপণ' দিয়ে ফিরলেন দুই জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া দুই জেলে মোহাম্মদ আনোয়ার (২৮) ও আক্তার হোসেনকে (২৯) ছেড়ে দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। ‘মুক্তিপণ’ দিয়ে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁরা ফিরেছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-১ মুজিবুর রহমান।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-১ মুজিবুর রহমান গতকাল সোমবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে নাফ নদী থেকে ওই দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার পর বিজিপি মুক্তিপণ দাবি করে। জেলে পরিবার বিষয়টি তাঁকে জানায়। এরপর নৌকার মালিক হাসান আলী বিজিপির দাবি করা এক লাখ টাকা মুক্তিপণ দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ফেরত আসা দুই জেলে পৌরসভার চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। ওই এলাকার কাউন্সিলর মুজিবুর রহমান।

এ বিষয়ে বক্তব্য জানতে নৌকার মালিক হাসান আলীর মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘মুক্তিপণের বিষয়টি আমাদের জানা নেই। কিন্তু নৌকার মালিক দুই জেলের ফেরত আসার বিষয়টি মুঠোফোনে আমাদের জানিয়েছেন। তারপরও এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, কিছুদিন ধরে নাফ নদী ও সাগর থেকে ধরে নেওয়া বাংলাদেশি জেলেদের ফেরত চেয়ে একাধিকবার
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিপি) ই-মেইল করা হলেও এর সুনির্দিষ্ট জবাব এখনো পাওয়া যায়নি। জেলেদের বাংলাদেশের জলসীমানায় মাছ ধরতে বারবার বলেছেন তাঁরা।