বিজিপির গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ান-মারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এ সময় নৌকার মালিক আহত হন।
গতকাল সোমবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার ২ নম্বর স্লুইসগেট-সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিনের (২৬) বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায়। আহত নৌকার মালিক মো. মর্তুজা হোসেনের (২৪) বাড়িও একই এলাকায়।
গুলিবিদ্ধ মর্তুজা হোসেন ও আরেক জেলে নুর হাকিম বলেন, সোমবার সকালে নুরুল আমিনসহ তাঁরা তিনজন একটি নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যান। নাজিরপাড়া পয়েন্ট-সংলগ্ন এলাকায় বাংলাদেশ জলসীমায় জাল ফেলে তাঁরা নৌকায় বিশ্রাম নিচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে বিজিপির কয়েকজন সদস্য একটি লাল রঙের স্পিডবোট নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েন। এরপর তাঁরা নৌকা লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়েন। এতে তাঁরা দুজন গুলিবিদ্ধ হন। এ সময় নুর হাকিম নৌকায় শুয়ে পড়ে রক্ষা পান। পরে বিজিপির সদস্যরা চলে যান। এরপর তাঁরা নৌকা নিয়ে তীরে চলে আসেন।
হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাশ বলেন, নুরুলের বুকে একটি গুলির চিহ্ন দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। মর্তুজার পিঠে কয়েকটি গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আজম বলেন, নিহত জেলের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিজিবি বলেছে, বিজিপির সঙ্গে যোগাযোগ করে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।