বিজিপির গুলিতে রোহিঙ্গা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর ঝিমংখালী এলাকায় গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে কালা মিয়া (৩৫) নামের এক রোহিঙ্গা জেলে নিহত হয়েছেন।
কালা মিয়া উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা বস্তির বি-২ ব্লকে থাকতেন। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু শহরের কৈয়ারবিল গ্রামে।
বিজিবির টেকনাফের হ্নীলা বিওপির সুবেদার মুজিবুর রহমান বলেন, কালা মিয়া গতকাল সকাল ছয়টার দিকে নাফ নদীতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যান। এ সময় বিজিপির গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাতটার দিকে কালা মিয়ার শ্বশুর নুরুল আলম নাফ নদী থেকে লাশটি উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, গুলিতে কালা মিয়ার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।