বিজিবি ও 'চোরাকারবারি' সংঘর্ষ, গুলিতে নিহত ২
দিনাজপুরের বিরামপুর সদরে গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত চোরাকারবারিদের সংঘর্ষে গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত স্থানীয় লোকজন দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে ও রাজশাহীগামী একটি ট্রেন ভাঙচুর করে।
সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় চায়ের দোকানদার মো. শাহীন ও তাঁর সহকারী মো. সুলতান। তাঁদের বাড়ি বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (কলোনিপাড়া) মহল্লায়। তাঁরা পরস্পরের ভায়রা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক ব্যক্তি ও বিজিবি সূত্র জানায়, বিজিবি ২৯ ব্যাটালিয়নের একটি দল গতকাল বিকেলে বিরামপুর রেলস্টেশন-সংলগ্ন কলোনিপাড়ায় চোরাচালানের পণ্য আটক করতে যায়। এ সময় চোরাকারবারিরা লাঠিসোঁটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা করে। একপর্যায়ে স্থানীয় সাধারণ লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ ক্রমশ ছড়িয়ে পড়ে রেলস্টেশনের পশ্চিম পাশে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি করলে শাহীন ও সুলতান গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ ছাড়া বিরামপুর রেলস্টেশনের মাস্টার আবু সুফিয়ান প্রথম আলোকে জানান, বিক্ষুব্ধ এলাকাবাসী রেলস্টেশনে থাকা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেসের দুটি বগি ভাঙচুর করে প্রায় এক ঘণ্টা ট্রেনটি আটকে রাখেন।
বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মশিউর রহমান প্রথম আলোকে জানান, নিহত সুলতানের বুক এবং শাহীনের বাঁ বাহুতে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়।
২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী প্রথম আলোকে বলেন, বিজিবির একটি দল চোরাচালানের পণ্য আটক করতে গেলে চোরাকারবারিরা হামলা চালায়। এ সময় বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালান। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি বলে তিনি দাবি করেন।
বিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল-মাসুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর ও ওসি আমিরুজ্জামান সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিলে রাত সাড়ে দশটার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন স্থানীয় লোকজন। আবার যান চলাচল শুরু হয়।
ওসি আমিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।