কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বেড়িবাঁধ এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের ‘বন্দুকযুদ্ধে’ দুই বিজিবির সদস্যসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বিজিবির দাবি, ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধে বিজিবির নায়েক আবদুর রাজ্জাক, সেপাই মোবারক হোসেন ও চোরাকারবারি নজির হোসেন ওরফে গণি গুলিবিদ্ধ হয়েছেন।
বিজিবির ভাষ্য, নজির হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। আহত ব্যক্তিদের টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে নয় হাজার ৭৯৮ পিস ইয়াবা, একটি এলজি, একটি তাজা কার্তুজ ও একটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের ভাষ্যমতে, ‘মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে’ খবর পেয়ে বিজিবির জওয়ানেরা মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে পরিচিত মৌলভীপাড়া গ্রামের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় চার-পাঁচজন চোরাকারবারি বেড়িবাঁধে উঠে এলে বিজিবি তাদের থামার সংকেত দিলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা তিনটি গুলি ছোড়ে। এ সময় দুই বিজিবির সদস্য ল্যান্স নায়েক আবদুর রাজ্জাক, সেপাই মোবারক হোসেন ও চোরাকারবারি নজির হোসেন গুলিবিদ্ধ হন। ওই সময় অন্য চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ ল্যান্স নায়েক আবদুর রাজ্জাক, সেপাই মোবারক হোসেন ও নজির হোসেনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজির হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান এবং দুই বিজিবির সদস্য ল্যান্স নায়েক আবদুর রাজ্জাক ও সেপাই মোবারক হোসেনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, ঘটনাস্থল থেকে নয় হাজার ৭৯৮ পিস ইয়াবা, একটি এলজি, একটি গুলি ও একটি লম্বা কিরিচসহ নজির হোসেন ওরফে গণি (৩০) নামের গুলিবিদ্ধ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামে। এ ঘটনায় আটক ব্যক্তিকে প্রধান আসামি করে তিনজনকে পলাতক দেখিয়ে সরকারি কাজে বাধা, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের ব্যবহার করার দায়ে থানায় তিনটি মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় নজির হোসেনকে প্রধান আসামি করে তিনটি মামলা রুজু করা হয়েছে।