বিজিবি দেখে চার বস্তা ইয়াবা ফেলে পালালেন পাচারকারীরা
মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখে চার বস্তাভর্তি ইয়াবা ফেলে পালিয়ে গেলেন পাচারকারীরা। পরে বিজিবি সদস্যরা ওই বস্তার ভেতর থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালানটি জব্দ করা হয়।
আজ শনিবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে—এমন সংবাদের ভিত্তিতে খারাংখালী চৌকিতে বিজিবির একটি দল অবস্থান নেয়। ৬ থেকে ৭ জনের একটি দলকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি ছোট ছোট প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতর থেকে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মামলা হবে।