বিজিবি-বিএসএফ উত্তেজনা, গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত
দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশের ট্রেনে ভারতীয় চোরাকারবারিরা অবৈধ পণ্য ওঠানোর সময় বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় চোরাকারবারীদের এলোপাতাড়ি গুলিতে ব্রিটন (৩৫) নামের ভারতীয় এক অস্ত্র ও মাদক চোরাকারবারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে হিলি সীমান্তের একটি ফুটবলখেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
বিট্রনের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামে। ঘটনায় সীমান্তে বিজিবি ও বিএসএফের মাঝে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের ভারত অংশে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল পৌনে ৫টার দিকে হিলি থেকে জয়পুরহাটগামী মালবাহী একটি ট্রেন সীমান্তের ২৮৪ মেইন পিলারের ৩৭ ও ৩৮ নং সাব সীমানা পিলারের কাছে পৌঁছালে ভারতের অস্ত্র ও মাদক চোরাকারবারী ব্রিটনের নেতৃত্বে চোরাকারবারীর একটি দল জোর করে বাংলাদেশ অংশে প্রবেশ করে চোরাই মালামাল ট্রেনে উঠানোর চেষ্টা করে। এতে বাঁধা দিলে ব্রিটন কোমর থেকে পিস্তল বের করে বিজিবির এক সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ওই বিজিবি সদস্যকে টেনে ভারতের অংশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ব্রিটন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে বিজিবি বিট্রনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, বিট্রন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অস্ত্র, মাদক ও চোরাচালানপণ্য সরবরাহকারী। বিট্রনের লাশ কাল বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে বিট্রনের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার আজ রাত সাড়ে আটটার দিকে হিলি ক্যাম্পে প্রথম আলোকে জানান, ঘটনার পর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সীমান্তের ২৮৪ মেইন পিলারের ৩৭ সাব পিলারের নিকট বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষেÿউপস্থিত ছিলেন ৯৬ ব্যাটালিয়নের লে. কমানডেন্ট রাজেন সুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম, ওসি মো. মোখলেছুর রহমান।
পতাকা বৈঠকে বিট্রনের নেতৃত্বে ভারতীয় চোরাকারবারিদের বাংলাদেশে প্রবেশ করে বিজিবির উপর হামলাসহ সন্ত্রাসী কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানানো হয় বলে আব্দুর রাজ্জাক তরফদার জানান।