বন্ধুর সঙ্গে পূজা দেখতে ভারত যাওয়ার পর নিখোঁজ হয়েছেন আবদুল আলিম ওরফে শুভ (১৯) নামের বাংলাদেশি এক তরুণ। আবদুল আলিম দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি গ্রামের শাহিন শেখের ছেলে।
ছেলেকে ফিরে পেতে মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গতকাল রোববার পতাকা বৈঠক হয়েছে। দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ৪৯ নম্বর সাব-পিলারের কাছে কামালগেটে বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত এ পতাকা বৈঠক চলে।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) আবু সাঈদ। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের হিলি ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম বিশাল।
নিখোঁজ আবদুল আলিমের মা মনোয়ারা বেগম জানান, ৩ অক্টোবর পৌর শহরের কালীগঞ্জ মহল্লার ফিরোজ নামের এক ছেলে ভারতে পূজা দেখতে আলিমকে বাসা থেকে ডেকে নেয়। এরপর আলিম আর বাসায় ফেরেননি। এলাকায় অনেক খোঁজাখুঁজির পর লোকমুখে তিনি জানতে পারেন, আলিমকে ভারতে কে বা কারা মেরে ফেলেছে। এ সংবাদ শোনার পর তিনি বিষয়টি ১৭ অক্টোবর শুক্রবার বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে লিখিতভাবে জানান।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল হামিদ জানান, মনোয়ারা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ঘটনাটি তদন্ত করে দেখবে এবং বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।
ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম বিশাল জানান, গত শনিবার বিজিবি এক বাংলাদেশিকে ফেরত চেয়ে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার পতাকা বৈঠক হয়। তিনি আরও বলেন, ‘৩ অক্টোবর ভারতীয় হিলির দক্ষিণ বাসুদেবপুরে এক বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসী একজনকে পিটিয়ে হত্যা করেছে বলে আমি শুনেছি। বিষয়টি ভারতের হিলি থানা-পুলিশকে জানানো হয়েছে। নিহত ওই ব্যক্তি বাংলাদেশি হলে পুলিশের প্রতিবেদনের পর লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হবে।’