বিজিবি সদস্যকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের জিরো পয়েন্টে আজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।
সন্দেহভাজন চোরাকারবারিরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সকাল পৌনে আটটার দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
নিহত বিজিবির সদস্যের নাম নজরুল ইসলাম (৫৪)। তিনি সাতক্ষীরার ৩৮ বিজিবির ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোমরা সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে রসুন পাচারের সময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে বিজিবি। তাঁকে আটক করতে গেলে পলাশ নামের আরেকজন বিজিবিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। বিজিবির সদস্যরা তাঁকেও আটক করেন। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে বিজিবির কমান্ডার নজরুলকে জোরে ধাক্কা দেন পলাশ। পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান নজরুল।
নজরুলের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ৩৮ বিজিবি অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে।