বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাহমুদুল হক (২২) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার মাল্টিপারপাস হল কক্ষের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি মাদারগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে এসেছিলেন।
পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বিজিবির ৩৫ ব্যাটালিয়নের ৪০ জন সদস্য উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসেন। তাঁদের ওই হলকক্ষে থাকার ব্যবস্থা করা হয়। গতকাল বেলা তিনটার দিকে হলকক্ষের পেছনে মাহমুদুল হকের গুলিবিদ্ধ লাশটি পাওয়া যায়।
মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কিছু বলতে রাজি হননি। এদিকে, ঘটনাস্থলে থাকা বিজিবির অন্য সদস্যরাও সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি। মাহমুদুল হকের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঘাটাবালা গ্রামে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিজের কাছে থাকা রাইফেল দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।’