বিজিবি-'চোরাকারবারি' সংঘর্ষে নিহত দুজনের দাফন হয়েছে
দিনাজপুরের বিরামপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত চোরাকারবারিদের সংঘর্ষে নিহত দুজনকে গতকাল বুধবার দাফন করা হয়েছে। এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত ব্যক্তিরা হচ্ছেন চায়ের দোকানদার মো. শাহীন ও তাঁর সহকারী মো. সুলতান।
বিজিবি ও ‘চোরাকারবারি’ সংঘর্ষ, গুলিতে নিহত ২বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান প্রথম আলোকে জানান, দিনাজপুর মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে শাহীনের মরদেহ তাঁর বাবা শুকুর আলীর কাছে হস্তান্তর করা হয়। আর সুলতানের লাশ হস্তান্তর করা হয় তাঁর ভায়রা নান্নু মিয়ার কাছে। বিকেল ৫টা ৪৫ মিনিটে পূর্ব জগন্নাথপুরে বিরামপুরের কেন্দ্রীয় কবরস্থান-সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে ওই কবরস্থানে দুজনের মরদেহ দাফন করা হয়েছে। তাঁরা সম্পর্কে পরস্পরের ভায়রা ছিলেন।
ওসি জানান, সাধারণ ডায়েরি (জিডি) করে দুজনের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছিল। শাহীন বা সুলতানের পরিবারের কেউ মামলা করতে আসেননি। তাঁরা চাইলে মামলা হবে।