বিজিবিকে তথ্য দেওয়ার সন্দেহে নারীকে নির্যাতন
অবৈধ ভারতীয় পণ্য সম্পর্কে বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) তথ্য দিয়েছেন এমন সন্দেহে যশোরের অভয়নগর উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। গত শুক্রবার বুইকরা গ্রামে ওই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধূ হলেন ওই গ্রামের লাকি বেগম (৩২)। বিজিবিকে তথ্য দিয়েছেন এমন সন্দেহে একই গ্রামের লিটু বেগম (৪৫) ও তাঁর সহযোগীরা তাঁকে নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২৪ আগস্ট লিটু বেগমের বাড়িতে যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবির মেজর লিয়াকত আলীর নেতৃত্বে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থান কাপড়, জিরা ও চা জব্দ করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লাকি বেগম অভিযোগ করেন, শুক্রবার সকালে লিটু বেগম তাঁর বাড়িতে এসে তাঁকে ঘর থেকে বের হতে বলেন।
এরপর লিটু বেগমের কয়েকজন সহযোগী তাঁর চুল ধরে টেনেহিঁচড়ে লিটু বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁর হাত-পা ও মুখ বেঁধে মাটিতে ফেলে সাত-আটজন মিলে পদদলিত করতে থাকেন। এরপর তারা কাচের বোতলে পানি ও বালু ঢুকিয়ে তাঁকে পেটায়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
একপর্যায়ে লিটু বেগমের সহযোগীরা লাকির গলায় দড়ি দিয়ে পাশের একটি গাছে ঝোলানোর চেষ্টা করেন। তাঁর স্বামী পুলিশে খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
লাকি বেগম আরও বলেন, জব্দ করা ওই পণ্যের ব্যাপারে বিজিবিকে তিনি খবর দিয়েছেন সন্দেহে লিটু বেগম ও তাঁর সহযোগীরা তাঁকে নির্যাতন করেছেন। তিনি সুস্থ হয়ে লিটু বেগম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
ঘটনার পরপরই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার তাঁকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ বদরুদ্দোজা বলেন, লাকি বেগমের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা ভালো নয়।
এ ব্যাপারে কথা বলার জন্য লিটু বেগমের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সেটি বন্ধ পাওয়া গেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।