কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বিজিবির এক সদস্যকেও তুলে নিয়ে যান সে দেশের সীমান্তরক্ষীরা (বিজিপি)। গতকাল বুধবার ভোরে উপজেলার নীলা ইউনিয়নের জাদিমোরার কাছে নাফ নদীর লালদিয়া এলাকায় গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।
তুলে নিয়ে যাওয়া বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে দেশে ফেরত আনার চেষ্টা চলছে। তাঁকে মিয়ানমারে বিজিপির ১ নম্বর সেক্টরে রাখা হয়েছে বলে জানান টেকনাফ ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী।
বিজিবি-বিজিপির গোলাগুলির বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনেকটা ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে ভালো। তুলে নেওয়া বিজিবির নায়েককে ফিরিয়ে আনতে আজ বিজিবি-বিজিপি পতাকা বৈঠক হবে।
এদিকে গুলিবিদ্ধ বিজিবির সিপাহি বিপ্লব কুমারকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে গতকাল দুপুরে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গতকাল ভোরে নাফ নদীতে টহল দিচ্ছিল। তাঁরা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালানের সন্দেহে দুটি নৌকায় তল্লাশি করছিলেন। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপি সদস্যরা একটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। একপর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তাঁরা নায়েক আব্দুর রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেন। বিজিবির অন্য সদস্যরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলারটি মিয়ানমারের দিকে চলে যায়।
গুলিবিদ্ধ বিপ্লবকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মান্নান প্রথম আলোকে জানান, বিপ্লবের মাথায় ও ডান হাতে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাঁকে দুপুরে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, বিজিপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে আব্দুর রাজ্জাককে ফেরত আনার চেষ্টা চলছে।