বিজিবির একজন গুলিবিদ্ধ, আরেকজন অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে নাফ নদীতে টহলের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম বিপ্লব (২১)। বি​জিবির ভাষ্য, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে এ​ই সিপাহি আহত হয়েছেন। এ ছাড়া রাজ্জাক নামে এক নায়েককে তুলে নিয়ে গেছে বিজেপি।

আজ বুধবার ভোরে উপজেলার নীলা ইউনিয়নের জাদিমোরার কাছে নাফ নদীর লালদিয়া-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিপ্লবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মান্নান বলেন, বিপ্লবের মাথার ডান দিকে ও হাতে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ​নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীর ভাষ্য, আজ ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নাফ নদীতে টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার একটি ট্রলারে তল্লাশি চালায় বিজিপি। তাদের জলসীমা ত্যাগ করতে সংকেত দেয় বিজিবি। এর পর বিজিপির সদস্যরা বিজিবির নায়েক রাজ্জাককে ধরে তাঁদের নৌযানে তুলে নেয়। এতে বাধা দেন বিজিবির সদস্যরা। এ সময় দু পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হন সিপাহি বিপ্লব।

আবু রাসেল ছিদ্দিকী আরও জানান, রাজ্জাককে ​মিয়ানমারের বিজিপির ১ নম্বর সেক্টরে রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন।

টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, বিজিপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁকে (রাজ্জাক) ফেরত আনার চেষ্টা চলছে।