বিজিবির ওপর মাদক চোরাকারবারিদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে গতকাল মঙ্গলবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের ওপর হামলা করে মাদক চোরাকারবারিরা। এতে বিজিবি ২০ ব্যাটালিয়নের বাসুদেবপুর ক্যাম্পের দুই সদস্য আহত হন। পরে বিজিবির গুলিতে শাওন (৩২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
আহত বিজিবি সদস্যরা হলেন সিপাহী মোস্তাক আহমেদ ও ইউসুফ আলী। গুলিবিদ্ধ শাওন হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লার ঘুটু মিয়ার ছেলে।
বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, ফেনিসিডিল চোরাকারবারিদের একটি দল ভারত থেকে ফেনসিডিল নিয়ে হাকিমপুরের বোয়ালদাড় হয়ে নবাবগঞ্জের দলারদরগা যাওয়ার তথ্য পায় বিজিবি। পরে বাসুদেবপুর ক্যাম্পের চারজন বিজিবি সদস্য বোয়ালদাড় মুরগির ফার্মের পাশে সেতুর ওপর অবস্থান নেন। ৩০-৩৫ জনের ফেনসিডিল চোরাকারবারি দল গতকাল ভোর চারটার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় বিজিবির সামনে পড়ে। এ সময় চোরাকারবারিরা চায়নিজ কুড়াল, হাঁসুয়া, দাসহ বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা করে। এতে সিপাহি মোস্তাক ও ইউসুফ আহত হন। পরে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাঁচটি গুলি ছুড়লে শাওনের দুই পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে বিজিবি ২১৩ বোতল ফেনসিডিল, একটি রামদা ও দুটি চায়নিজ কুড়াল জব্দ করে।
বাসুদেবপুর ক্যাম্পের নায়েক সুবেদার মাহবুব আলম বলেন, শাওনকে বিজিবি পাহারায় চিকিৎসার জন্য প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিজিবির দুই সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর অফিস জানায়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত নার্সরা বলেন, গতকাল ভোর ৬টা ২০ মিনিটে শাওন হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মো. আবদুস সালাম বলেন, শাওনের বাঁ পায়ের গুলি এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে গেছে। আর ডান পায়ে গুলির আঘাতে তিনটি হাড় ভেঙে গেছে।