বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় ৩৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা ৩৮ বিজিবির হাবিলদার সেলিম হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় এ মামলাটি করেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার গাড়াখালি সীমান্তের সোনাই নদীর পাড়ে একদল চোরাকারবারি বিজিবির ওপর হামলা চালায়। এ ঘটনায় চারজন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বিজিবি ২০০ কেজি সুপারি উদ্ধার করে।
৩৮ বিজিবি কাকাডাঙ্গা ক্যাম্পের সুবেদার হায়দার আলী বলেন, বৃহস্পতিবার ভোরে বিজিবি সদস্যরা কলারোয়া উপজেলার গাড়াখালি সীমান্তের সোনাই নদীর পাড়ে টহল দিচ্ছিলেন। এ সময় ৩০-৩৫ জন চোরাকারবারি বিপুল পরিমাণ সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে এলে বিজিবি সদস্যরা সেগুলো আটকের চেষ্টা করেন। এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। তারা বিজিবির স্পিডবোট ভাঙচুর করে।