দূর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল দেখতে পেয়ে নাফ নদীতে একটি নৌকা ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। নৌকাটিতে ৭০ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে। নৌকা জব্দ করা গেলেও কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৫ নম্বর স্লুইস গেটের বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় বিজিবির টহল দল দেখে নৌকায় থাকা পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপ দেয়। এরপর সাঁতরে প্যারাবনে ঢুকে পালিয়ে যায় তারা। পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি পলিথিন ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা পাওয়া গেছে।
লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এসব ইয়াবা ধ্বংস করা হবে। জব্দ করা নৌকাটি টেকনাফ শুল্ক স্টেশনে হস্তান্তর করা হয়েছে।