যশোরের বেনাপোল স্থলবন্দরের পাশে পুটখালী সীমান্ত এলাকা থেকে গতকাল শনিবার সকালে ১০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। তবে রুপি বহনকারী ব্যক্তিকে ধাওয়া করেও আটকাতে পারেনি তারা।
২১ বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার হরেকৃষ্ণ রায় বলেন, বেনাপোল স্থলবন্দর থেকে ছয় কিলোমিটার দূরে পুটখালী সীমান্ত। ওপারে ভারতের আঙরাইল সীমান্ত। গতকাল সকাল আটটার দিকে ভারত থেকে এক ব্যক্তি বাইসাইকেলে করে আঙরাইল থেকে পুটখালী এলাকায় প্রবেশ করেন। বাইসাইকেলটিতে একটি ব্যাগ ঝোলানো ছিল। ওই ব্যক্তি পুটখালীর মসজিদ বাড়ি পোস্ট এলাকায় বাজার খাল সেতুর ওপর উঠলে তাঁকে ধাওয়া করে বিজিবি। এ সময় তিনি বাইসাইকেল ও ব্যাগটি ফেলে পাশের ধানখেতের ভেতর দিয়ে পালিয়ে যান। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ লাখ রুপি পাওয়া যায়। ব্যাগের ভেতরে ২০০০ রুপির মোট ৫০০টি নোট ছিল।
হরেকৃষ্ণ আরও বলেন, এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া রুপিগুলো থানায় জমা দেওয়া হয়েছে।