বিজিবির নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জেলে পরিবারগুলো প্রতারণার শিকার হচ্ছে বলে জানা গেছে। বিজিবির পরিচয় ব্যবহার করে প্রতারক চক্র জেলে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের পর তাঁদের চিকিৎসার নামে মুঠোফোনে ‘বিকাশ’-এর মাধ্যমে এই টাকা নিচ্ছে তারা।
রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইন উদ্দিন বলেন, তাঁর খালাতো ভাই মো. হান্নান গত ২০ জুলাই সাগরে মাছ ধরা শেষে চট্টগ্রাম ঘাটে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ নিখোঁজ হন। পরে ১৪ আগস্ট রামগতি থানা থেকে তাঁকে জানানো হয়, বিজিবির লোকজন হান্নানকে উদ্ধার করেছে। তাঁর ভাই এখন কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, থানা থেকে দেওয়া বিজিবির একটি ফোন নম্বরে (০১৭৯৯০৪৮১৬৩) যোগাযোগ করলে হান্নানকে জরুরিভাবে রক্ত দিতে হবে বলে জানানো হয়। সে জন্য ০১৮৬২৬৯৭৭৮১ নম্বরে ‘বিকাশ’ করে দুই হাজার টাকা পাঠাতে বলা হলে তিনি তাৎক্ষণিকভাবে টাকা পাঠিয়ে দেন।
রামগতি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিজিবির সদর দপ্তরের লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ পরিচয়ে এক ব্যক্তি তাঁর মুঠোফোনে যোগাযোগ করেন। ওই ব্যক্তি তাঁকে বলেন, বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ রামগতির ১৪ থেকে ১৫ জন জেলেকে উদ্ধার করে উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুঠোফোনেই ওই সব জেলের নাম ও ঠিকানা দিয়ে বিজিবির কর্মকর্তা খবরটি জেলে পরিবারগুলোকে জানাতে অনুরোধ করেন। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জানানো হয়।
এদিকে নিখোঁজ জেলেদের উদ্ধারের বিষয়ে কক্সবাজারের টেকনাফে ৪২ বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ বলেন, তাঁরা কোনো জেলেকে উদ্ধার করেননি। রামগতি থানার ওসি জানান, তিনিও ফোন করেননি। তবে তিনি বলেন, কিছুদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় মুঠোফোনে বিজিবির নাম ব্যবহার করে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারকদের ব্যবহৃত ফোন নম্বর সংগ্রহ করে বিজিবির সদর দপ্তরে পাঠানো হচ্ছে। এই নম্বরগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, খবরটি পেয়ে জেলে পরিবারের কেউ কেউ কক্সবাজারে যান। তখনই উদ্ধারের খবর ভুয়া বলে তাঁরা জানতে পারেন।
মাছ ধরে ফেরার সময় ২০ জুলাই বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে রামগতি ও কমলনগরের ২৫ জেলে নিখোঁজ রয়েছেন।