দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই-এর পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রহমান মুকুলকে নির্যাতন করার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের প্রত্যাহার করা হয়। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে।
প্রত্যাহার করা বিজিবির পাঁচ সদস্য ঘাগড়া সীমান্ত ফাঁড়ির সদস্য। তাঁদের গতকাল ১৮ ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে। ব্যাটালিয়নের ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাঁদের প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাঁদের নাম-পরিচয় দিতে রাজি হননি।
গত শনিবার দুপুরে বিএসএফের গুলিতে একজন গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর সংগ্রহ করার জন্য সাংবাদিক মুকুল বিজিবির ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে যান। এ সময় কয়েকজন বিজিবি সদস্য তাঁকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটুনি দেন। পরে সাংবাদিকেরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
১৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ওই সাংবাদিককে নির্যাতনের ঘটনায় প্রাথমিকভাবে পাঁচ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর পরই গতকাল সকালে বিজিবির পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়।
তবে সাংবাদিক মুকুল ঘাগড়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার জসিম উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, নির্যাতনের ঘটনায় ওই কমান্ডারের উসকানি ও সম্পৃক্ততা ছিল।