বিজিবির পাহারার মধ্যেই পুড়ল বাস-ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারায় আসা গাড়িবহরে আবারও হামলা হয়েছে। গত শুক্রবার রাতে রাজশাহীর কাপাশিয়া এলাকায় এই হামলায় একটি ট্রাক ও একটি বাস পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাড়িবহরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রূপসী পরিবহনের একটি বাস ও মাছবাহী একটি ট্রাক হামলার শিকার হয়। পুলিশ সূত্র জানায়, বাসটি গাড়িবহরের শেষের দিকে ছিল। তার পেছনে ছিল ট্রাক। বিজিবি নগরের মতিহার থানা এলাকা থেকে গাড়িগুলোকে টহল দিয়ে নিয়ে আসছিল। মতিহার থানা ও জেলার পুঠিয়া থানার সীমান্ত এলাকা কাপাশিয়া থেকে ১০০ গজ পূর্বের সড়কে দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে বাসের গতি রোধ করে পেট্রলবোমা নিক্ষেপ করে। পেছন দিক থেকে আগুন লাগার কারণে বাসের ৪৮ জন যাত্রীর সবাই নেমে পড়ার সুযোগ পান। পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
রাজশাহী বিজিবির ৩৭ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ার উল আলম বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে বিজিবিকে ১২টি গাড়ি বুঝিয়ে দেওয়া হয়েছিল। এগুলোর পেছনে আরও কয়েকটি গাড়ি যাচ্ছিল। সেগুলো বিজিবির নজরে ছিল না। পেছনের গাড়িগুলোতেই হামলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাহবুব আলম জানান, বাসটি পুড়ে গেছে। মাছবাহী ট্রাকটি আংশিক পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে।