বিজিবির বিরুদ্ধে তরুণকে নির্যাতনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গত বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বিরুদ্ধে এক তরুণকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিজিবির হাতে আটক এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার হওয়া ওই তরুণের নাম লুৎফুর আমিন ভূঁইয়া (২৮)। তিনি আখাউড়ার আজমপুরের গ্রামের খলিলুর রহমানের ছেলে। তবে বিজিবি ওই অভিযোগ অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শী ও লুৎফুরের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বিজিবির আজমপুর বিওপির কয়েকজন সদস্য ত্রিপুরা সীমান্তবর্তী আজমপুরের রামধননগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সন্দেহে আলাল নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় লুৎফুর বিজিবির সদস্যদের আলাল মাদক ব্যবসায় জড়িত নন দাবি করে তাঁকে ছেড়ে দিতে অনুরোধ করেন। এ নিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে লুৎফুরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিজিবির সদস্যরা আলালকে ছেড়ে দেন। বেলা সাড়ে তিনটার দিকে বিজিবির একদল সদস্য লুৎফুরকে খুঁজতে তাঁর বাড়ি রামধননগর এলাকায় যান। লুৎফুরকে তাঁরা গোসলখানা থেকে বের করে বাড়ির উঠানে এনে মারধর করেন। পরে লুৎফুরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লুৎফরের স্ত্রী মুন্নি বলেন, তাঁর স্বামীকে মারধরের পর তাঁকে আটক করে বিজিবির আজমপুর বিওপি ক্যাম্পে নিয়ে যান তাঁরা। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলামের সামনেই চোখ ও মুখ বেঁধে লুৎফুরকে মারধর করা হয়। বিকেলে ফেনসিডিলসহ লুৎফুরকে থানায় নিয়ে যান বিজিবির সদস্যরা।
লুৎফুর হাসপাতালে বলেন, ‘আমি মাদকের ব্যবসা করি ও আলালকে জোর করে বিজিবির কাছ থেকে ছাড়িয়ে নিয়েছি—এই মর্মে থানায় বক্তব্য দিতে বিজিবির সদস্যরা আমাকে হুমকি দেন। তাঁদের কথায় রাজি হয়নি বলে তাঁরা আমার ওপর নির্যাতন চালিয়েছেন।’ ইউপি সদস্য শহীদুল বলেন, ‘লুৎফুরকে নির্যাতন করেন বিজিবির সদস্যরা। লুৎফুর মরে যাবে, এ কথা বলে বাধা দিলে তাঁরা আমাকে ক্যাম্প থেকে বের করে দেন।’
বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বলেন, এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে বিজিবি সদস্যদের দা দিয়ে জিম্মি করেন লুৎফুর। তিনি বিজিবির সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আখাউড়া থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘গত বুধবার বিজিবির সদস্যরা এক তরুণকে সোপর্দ করতে থানায় নিয়ে আসেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আমরা তাঁকে রাখিনি।’