বিজিবির বিরুদ্ধে মারধরের অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে বিজিবির সদস্যদের লাঠিপেটায় গত শুক্রবার এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই রাতেই তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম শংকর রবিদাশ (৬০)। তাঁর বাড়ি পশ্চিম কড়িয়া গ্রামে।
তবে বিজিবির পশ্চিম কড়িয়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত নায়েক সুবেদার ইব্রাহিম হোসেন গতকাল শনিবার বলেন, মারধরের ঘটনা সত্য নয়। বিজিবি সদস্যদের দেখে ওই ব্যক্তি দৌড় দিলে বাঁশঝাড়ের কঞ্চির আঘাত লেগে তাঁর মাথা কেটে গেছে।
আহত শংকর রবিদাশ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুটি মোটরসাইকেলযোগে জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ-৩-এর (বিজিবি) পশ্চিম কড়িয়া সীমান্ত ফাঁড়ির চার সদস্য বাড়ির সামনে এসে তাঁর নাম জিজ্ঞেস করেন। জবাব দিতে দেরি হওয়ায় বিজিবির সদস্যরা তাঁকে লাথি মারেন। এর প্রতিবাদ করলে তাঁকে লাঠিপেটা করা হয়। লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে যায়। গ্রামবাসী এর প্রতিবাদ করলে বিজিবির সদস্যরা একজন গ্রাম্য চিকিৎসক ডেকে নিয়ে এসে তাঁর প্রাথমিক চিকিৎসা করান। রাতে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
শংকর রবিদাশের স্ত্রী আরতি রানী বলেন, বিজিবির সদস্যরা তাঁর দেবর ননী রবিদাশেরও খোঁজ করেন। তাঁর স্বামী ও দেবরের নামে কোনো মামলা নেই। হাসপাতালে ডাক্তার ওষুধ কিনতে বলেছেন। টাকার অভাবে সব ওষুধ কিনতে পারেননি। ঘটনার পর কেউ তাঁদের খোঁজ নেয়নি।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূরুন নবী বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মাথায় কাটা জখম নিয়ে শংকর রবিদাশ ভর্তি হন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।