বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী মাটিলা গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গ্রামবাসী আহত হন। শনিবার সন্ধ্যায় ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জলুলী ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মাটিলা গ্রামের বাসিন্দা ও চা-দোকানদার রফিকুল ইসলাম (৩০)।
গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ভারত থেকে গরু চোরাচালানকারী এক ব্যক্তিকে ধরতে না পেরে বিজিবির ১০ থেকে ১২ জন সদস্য শনিবার সন্ধ্যায় মাটিলা গ্রামের মোড়ে বসে থাকা লোকজনকে এলোপাতাড়ি মারধর করেন। এর প্রতিবাদ জানাতে গ্রামবাসী জলুলী ক্যাম্পের দিকে যেতে চাইলে বিজিবির সদস্যরা ক্যাম্পের ভেতর থেকে গ্রামবাসীর ওপর গুলি চালান। এতে হতাহতের ঘটনা ঘটে।
অবশ্য ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন দাবি করেন, গরু ব্যবসায়ীরা তাঁদের টহল দলের ওপর হামলা চালান। বিজিবির সদস্যরা জীবন রক্ষার্থে গুলি চালিয়েছেন।