বিজিবির সঙ্গে চোরাকারবারীদের সংঘর্ষ, আহত ২
দিনাজপুরের হিলি সীমান্তে গতকাল রোববার বিজিবির সদস্য ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাবি করেছে, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ভারতীয় পণ্য আনার সময় বিজিবি সদস্যরা বাধা দেওয়ায় চোরাকারবারিদের সঙ্গে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন হাকিমপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাইয়ান ইসলাম (১৯) এবং একই এলাকার কাফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (২৬)। সাইয়ানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার দাবি করেন, গতকাল রোববার ভোর পাঁচটায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর প্রধান খুঁটির ৩৯ নম্বর উপ-খুঁটির ১৫০ গজ বাংলাদেশের ভেতরের ফকিরপাড়া এলাকা দিয়ে ১০-১২ জন চোরাকারবারি ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে আসছিল। এ সময় হিলি সিপি ক্যাম্পের বিজিবির সদস্য হাবিব স্থানীয় যুবক সাইয়ানকে জাপটে ধরেন। এ সময় অন্য চোরাকারবারিরা সাইয়ানকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে তিনি আঘাত পান। এ সময় মনির হোসেন নামে অপর একজন আহত হন।