বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মিয়ানমারের নাগরিক নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল বুধবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে মিয়ানমারের ইয়াবা বড়ি পাচারকারীদের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়।
২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদের ভাষ্য, মিয়ানমার থেকে ইয়াবা বড়ির একটি চালান বাংলাদেশে পাচার করা হবে, এমন তথ্য পায় বিজিবি। তারই সূত্র ধরে, বিজিবির একটি বিশেষ টহল দল রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর স্লুইসগেট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। দিবাগত রাত দুটার দিকে সন্দেহভাজন একটি নৌকা বেড়িবাঁধে ভিড়ানো হলে তাদের থামানোর সংকেত দেয় বিজিবি। ওই নৌকায় থাকা চারজন লোক বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যাওয়ার সময় সলিম উল্লাহ নামে (৩৫) একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই এলাকায় তল্লাশি চালালে বেড়িবাঁধের পাশে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ দরবেশকে (২০) পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি, একটি পিস্তল, দুটি লম্বা কিরিচ ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। পরে মোহাম্মদ দরবেশকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আটক সলিম উল্লাহকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। নিহত ও গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মিয়ানমারের মংডু থানার ডেইলপাড়ার গ্রামে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা, অবৈধ অস্ত্র ব্যবহার, মাদকদ্রব্য পরিবহন ও অনুপ্রবেশের অভিযোগে পলাতক দুজনসহ তিনজনের বিরুদ্ধে চারটি মামলা করেছে বিজিবি।