বিজিবির সাবেক সদস্যকে হত্যার অভিযোগে মামলা
ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের সাইদুর রহমান খলিফা (৬০) নামের বিজিবির অবসরপ্রাপ্ত এক সদস্যকে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার অভিযোগে স্থানীয় থানায় মামলা হয়েছে।
গত শুক্রবার রাতে নিহত সাইদুর রহমান খলিফার ছেলে ফোরকান খলিফা বাদী হয়ে সাইদুর রহমান খলিফার চাচাতো ভাইয়ের ছেলে জাকির হোসেন খলিফাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) গাজী বজলুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য সাইদুর রহমান খলিফার সঙ্গে তাঁর চাচাতো ভাইয়ের ছেলেদের ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
সাইদুর রহমানের ছেলে ফোরকান খলিফা বলেন, ‘বিরোধীয় জমিটি আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। সম্প্রতি ওই জমি আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলেরা দাবি করেন। গত শুক্রবার সকালে তাঁরা জমিতে মাটি কাটতে গেলে আমার বাবা ও ফুফা বাধা দিলে তাঁদের মারপিট করা হয়।’