চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এমপ্লয়িজ কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের নেতারা তাঁদের আত্মীয়স্বজনের নামে চারটি দোকান গোপনে বরাদ্দ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ জন্য সমিতির পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘সিডিএ চেয়ারম্যান মহোদয় চারটি দোকান আমাদের সমিতির নামে বরাদ্দ দিয়েছেন। কিন্তু সমিতির নেতারা বিজ্ঞপ্তি না দিয়ে নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করেছেন। চেয়ারম্যান বিদেশে থাকায় বিষয়টি তাঁকে অবহিত করা সম্ভব হয়নি।’
সিডিএর কর্মকর্তা-কর্মচারীরা জানান, সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান এবং চেইনম্যান মঈনুল ইসলাম খান তাঁদের আত্মীয়দের নামে সিডিএর কর্ণফুলী বিপণিবিতানে দুটি মাছের দোকান বরাদ্দ নিয়েছেন।
গত ২৩ জুন সমিতির নামে বিপণিবিতানের ৪১০ ও ৪১১ নম্বর দোকান দুটি বরাদ্দ দেয় সিডিএ।
এ ছাড়া সিডিএ ভবনের ক্যানটিনসংলগ্ন দুটি দোকান একই উপায়ে বরাদ্দ নিয়েছেন সমিতির সহসভাপতি ও সিডিএর ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী দীপক বড়ুয়া এবং সমিতির কার্যকরী সদস্য সাইফুল ইসলাম। ঈদের আগে এই বরাদ্দ-প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানান কর্মকর্তা-কর্মচারীরা।
বিজ্ঞপ্তি না দিয়ে দোকান বরাদ্দ দেওয়ার বিষয়টি স্বীকার করেননি সমিতির সভাপতি ফরিদুল হক। তিনি গত বৃহস্পতিবার বলেন, ‘আমরা এখনো কোনো দোকান বরাদ্দ দিইনি। যাঁরা এ বিষয়ে বলছে, তাঁরা মিথ্যা বলছেন।’
তবে সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান বলেন, ‘আইনগত জটিলতায় বিজ্ঞপ্তি ও দরপত্রের মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তবে তিনটি দোকানের ভাড়া আদায়কারী হিসেবে তিনজনকে অস্থায়ী ভাড়াটিয়া হিসেবে মনোনীত করা হয়েছে। এতে এখন থেকে নিয়মিত ভাড়া আদায় করা সম্ভব হবে। তবে তাঁদের নাম এই মুহূর্তে মনে নেই।’
নাছির উদ্দিন অভিযোগ করেন, এর আগেও কোনো ধরনের বিজ্ঞপ্তি না দিয়ে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল।
সিডিএর কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতারা গোপনে চারটি দোকান নিজেদের নামে বরাদ্দ নিয়েছেন। তাই এই প্রক্রিয়া বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে দোকানগুলো বরাদ্দ দিতে হবে। আর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।